Neelganj Police Outpost

নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে উদ্ধার করে রাখা বাজিতে বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী!

উত্তর ২৪ পরগনার নীলগঞ্জ পুলিশ ফাঁড়ি চত্বরে মঙ্গলবার সকাল প্রায় সাড়ে ৬টা নাগাদ উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বাজি ও বারুদে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে নীলগঞ্জের নারায়ণপুর এলাকা থেকে অভিযান চালিয়ে প্রচুর বাজি ও বারুদ উদ্ধার করে পুলিশ। অভিযোগ, উদ্ধার হওয়া সামগ্রীগুলি নিষ্ক্রিয় না করে পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি গোডাউনে রাখা হয়েছিল। মঙ্গলবার ভোরে আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ শুরু হয়। মুহূর্তের মধ্যে গোডাউনের ভিতরে থাকা বাজিগুলি একের পর এক ফাটতে থাকে এবং ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীদের দাবি, যে গোডাউনে বাজি ও বারুদ রাখা ছিল তার উপরের তলায় একটি পরিবার বসবাস করত। বিস্ফোরণের তীব্রতায় তারা আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। এছাড়াও গোডাউনের বাইরে একটি টিনের ড্রামে বারুদ ভর্তি অবস্থায় রাখা ছিল বলে অভিযোগ। সেই ড্রাম থেকেই আগুন আরও ছড়িয়ে পড়ে বলে স্থানীয়দের দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে বারুদ ছিল বলে কারণে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়। বিস্ফোরণের কারণ নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। বারুদ মজুত করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মানা হয়েছে কিনা তা অস্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *